ভারতীয় বাংলা সিনেমার এক সময়ের আলোচিত জুটি দেব ও শুভশ্রী। ‘পরাণ যায় জ্বলিয়া’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’-এর মতো সিনেমায় জুটি বেঁধে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তারা।
পর্দার রসায়নের পাশাপাশি একসময় তাদের প্রেমের সম্পর্কও ছিল টালিউডের আলোচনার কেন্দ্রে। তবে সেই সম্পর্ক শেষ হয়ে যায়।
দীর্ঘদিন পর দেবের সঙ্গে ‘দেশু ৭’ সিনেমায় কাজ করেছেন শুভশ্রী। শুধু তাই নয়, এটি দেবের প্রথম পরিচালিত সিনেমা। আর সেই সিনেমার নায়িকাও শুভশ্রী। ফলে দেবের অভিনয় জীবনের অনেক ‘প্রথম’-এর সাক্ষী তার এই ‘প্রাক্তন’ সহ-অভিনেত্রী এবারও হয়ে রইলেন।
বুধবার (১৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সিনেমাটির শুটিং। বিশেষ এই দিনেই পরিচালক দেবের উদ্দেশ্যে সামাজিকমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন শুভশ্রী।
দীর্ঘদিনের সহ-অভিনেতার পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে শুভশ্রী লেখেন, ‘আমরা দুজনই প্রায় একই সময়ে আমাদের ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলাম। কিন্তু এই সিনেমার অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা, কারণ এটি তোমার প্রথম পরিচালিত সিনেমা এবং সেখানে তোমার চিন্তাভাবনা রূপ পেতে দেখেছি।’
দেবের পরিচালনায় মুগ্ধতার পাশাপাশি নিজের অনুভূতির কথাও অকপটে জানিয়েছেন শুভশ্রী। তিনি লেখেন, ‘সত্যি বলতে, শুরুতেই আমি কিছুটা ঈর্ষান্বিত বোধ করেছিলাম। সিনেমা বানানোর দৃষ্টিভঙ্গি ও চিত্রনাট্য নিয়ে তুমি এতটা স্পষ্ট ও গোছানো কীভাবে হতে পারো, তা দেখে অবাক হয়েছিলাম!’
শুভশ্রীর মনে প্রশ্ন জেগেছিল, বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি দেব কখন এবং কীভাবে পরিচালক হিসেবে এত কিছু শিখে ফেললেন। তবে সময়ের সঙ্গে সেই ঈর্ষাই বদলে যায় অনুপ্রেরণায়।
দেবের পরিচালনার প্রশংসা করে শুভশ্রী আরও লেখেন, ‘দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আমার সেই হিংসাটা অনুপ্রেরণায় বদলে যায়।’
তার বিশ্বাস, ‘দেশু ৭’ মুক্তির পর টালিউড একজন নতুন সফল পরিচালক পাবে। সাধারণ দর্শককে বিনোদন দেওয়ার মতো গল্প দেব বলতে পারবেন বলেও মনে করেন এই অভিনেত্রী।
চিঠির শেষদিকে দেবের ভবিষ্যৎ পরিচালনা ক্যারিয়ারের জন্য শুভকামনা ও ভালোবাসা জানান শুভশ্রী। লেখেন, ‘তোমার জন্য গর্ব হয়। পরিচালক হিসেবে তোমার ভবিষ্যতের পথচলার জন্য অনেক শুভকামনা রইল।’
এর আগে ২০১৫ সালে ‘ধূমকেতু’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে শুটিং করেছিলেন দেব ও শুভশ্রী। দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি ২০২৫ সালের আগস্টে মুক্তি পায়। সিনেমাটির প্রচারণায় দীর্ঘদিন পর তাদের একসঙ্গে দেখা যায়।
এবার ‘দেশু ৭’-এর মাধ্যমে ফের পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন এই আলোচিত জুটি। দেব পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন। শুভশ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।
সিনেমাটি আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে পুরোনো জনপ্রিয় জুটিকে নতুন গল্প ও নতুন সমীকরণে দেখতে এখন দর্শকের অপেক্ষা।
